৭৪ জন বিধায়ক বাদ, ১৫ জন বিধায়কের কেন্দ্রবদল! তৃণমূলের প্রার্থিতালিকা তৈরিতে মাপকাঠি গত পাঁচ বছরের ‘পারফরম্যান্স’

Spread the love

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপির চেয়ে দ্বিগুণেরও বেশি আসন পেলেও দেখা গিয়েছিল শহর এবং আধা-শহরগুলিতে তৃণমূলের সমর্থনের ভিত কিছুটা আলগা হয়েছে। প্রার্থিতালিকায় দেখা যাচ্ছে, ওই সব এলাকাতেই ছাঁটাই হওয়া বিধায়কের সংখ্যা বেশি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ মার্চ ২০২৬ ১৯:৩৭
TMC dropped 74 MLAs, 15 MLAs shifted in West Bengal Assembly Election 2026

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র।

তিনি মনে করেন, ‘কাজ করো, নইলে রাস্তা দেখো!’ পেশাদার সংস্থার ভাষায় যাকে বলা হয়, ‘পারফর্ম অর পেরিশ!’

সেই নীতিতেই তিনি দল পরিচালনা করে থাকেন। তাঁর কোনও ‘কাছের লোক’ নেই। ‘কাজের লোক’ আছে। গত লোকসভা ভোটের পরেও ফলাফলের নিরিখে তিনি বিভিন্ন এলাকার পুরসভায় শীর্ষপদে বদল এনেছিলেন। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় যখন কালীঘাটের দফতর থেকে বিধানসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা শুরু করছেন, তখন তিনি দলনেত্রীর বাঁ পাশে নীরবে বসে। কিছু নাম ঘোষণার পরে মমতা তাঁর হাতেই বাকি তালিকা ঘোষণার ভার তুলে দিলেন।

বাকি আসনগুলির প্রার্থীদের নাম তিনিই ঘোষণা করলেন। ঠিকই করলেন। কারণ, চতুর্থ বার সরকার গঠনের জন্য রাজ্যের শাসকদল তৃণমূল যে প্রার্থিতালিকা ঘোষণা করল, তাতে তাঁর নীতির ছাপ ছত্রে ছত্রে স্পষ্ট। তিনি— অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দলের অন্দরে যাঁকে ‘সেনাপতি’ বা ‘ক্যাপ্টেন’ বলে ডাকা হয়ে থাকে। একাধিক দলীয় সভায় জনপ্রতিনিধি এবং সাংগঠনিক পদাধিকারীদের যিনি বার্তা দিয়েছেন, কাজ করলে পদে থাকুন। না হলে বিকল্প খুঁজুন। ‘পারফর্ম অর পেরিশ!’